দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে অংশীদারত্ব সম্প্রসারণ করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ছয়টি প্রকল্পের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্য অর্জনে সহায়তা করবে সংস্থাটি।
মঙ্গলবার ঢাকায় এডিবি জানায়, নতুন করে পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রকল্পে লেনদেনবিষয়ক পরামর্শক সেবা দেবে তারা। এর আগে ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে পরামর্শক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সব মিলিয়ে ছয়টি প্রকল্পের সম্মিলিত উৎপাদন সক্ষমতা হবে ১ হাজার মেগাওয়াটের বেশি।
এসব প্রকল্পের মাধ্যমে ১ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে এডিবি।
প্রথম পর্যায়ে সোনাগাজীর ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বানের আশা করা হচ্ছে।
বাকি পাঁচটি প্রকল্পের জন্য সরকারি জমির উপযোগিতা যাচাই, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, দরপত্র প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় প্রকল্প নির্বাচনসহ পুরো উন্নয়ন প্রক্রিয়ায় সহায়তা দেবে এডিবি।
এ লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে কাজ করবে সংস্থাটি। মঙ্গলবার এডিবি, ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।
এমএস/